দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হে সাড়ে ছয় হাজার জনের দণ্ড মওকুফ করে মুক্তি দিয়েছেন। এই ক্ষমা পাওয়াদের মধ্যে দেশটির তৃতীয় বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান এসকে গ্রুপের প্রধান চে তায়ে-ওন রয়েছেন। জালিয়াতির মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার অভিযোগে দ্বিতীয় দফায় কারাদণ্ড ভোগ করছিলেন তিনি।
এসকে গ্রুপের প্রধানের দণ্ড মওকুফ করায় সমালোচনার মুখে পড়তে পারেন প্রেসিডেন্ট পার্ক। ২০১৩ সালে ক্ষমতায় আসার সময় তিনি অত্যন্ত ক্ষমতাশালী এই শিল্প গ্রুপগুলোর সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতাধর প্রধান নির্বাহীরা প্রায়ই কোরিয়ার প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।
জাপানী সাম্রাজ্যবাদের হাত থেকে স্বাধীনতার ৭০ বছর উদযাপন উপলক্ষে দেয়া ভাষণে সাধারণ ক্ষমা সম্পর্কে প্রেসিডেন্ট পার্ক বলেন, 'জাতীয় ঐক্য দৃঢ় করতে ও অর্থনীতিতে গতি আনতে আমি এই বিশেষ ক্ষমার সিদ্ধান্ত নিয়েছি।' এমন প্রভাবশালী ব্যক্তি ছাড়াও অনেক ব্যবসায়ী এই ক্ষমার আওতায় ছাড়া পেয়েছেন।
দেশটির বিচার বিষয়ক মন্ত্রী ক্ষমা সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন, দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ দিতেই এই দণ্ড মওকুফ করা হয়েছে। সূত্র: এনডিটিভি