ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ভবনের গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে। গতকাল মঙ্গলবার বিকেলে নবজাতকটির লাশ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার এসআই সামিউল হক জানান, হাসপাতালে চিকিত্সাধীন রোগীর স্বজনরা গতকাল বিকেলে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের গেটের বিপরীত পাশের ফুটপাতে সবুজ রংয়ের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে। এরপর তারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ব্যাগসহ নবজাতকের লাশটি উদ্ধার করে। এসআই সামিউল আরো বলেন, ধারণা করা হচ্ছে ওই নবজাতকটির বয়স আনুমানিক একদিন। বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।