মমতাকে উচ্ছেদে সশস্ত্র লড়াইয়ের ডাক মাওবাদীদের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারের অপশাসনের বিরুদ্ধে লালগড় আন্দোলনের মতো দুর্বার ও সশস্ত্র জঙ্গি আন্দোলন গড়ে তুলতে রাজ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে মাওবাদীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক দিন আগে রাজ্যকে সতর্ক বার্তা পাঠিয়ে জানিয়েছে, কিষেণজির হত্যার বদলা নিতে মাওবাদীদের ৭০-৮০ জনের একটি দল ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে ঢুকে স্বাধীনতা দিবসের ঠিক আগে বড় হামলা চালাতে পারে। গোয়েন্দাদের একাংশের খবর, এই দলে ছত্তিশগড়ের কয়েকজন নারী জঙ্গিও আছে। গতকাল বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

 
ওই প্রতিবেদনে বলা হয়, গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে মাওবাদীদের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতা কোটেশ্বর রাও ওরফে কিষেণজি ঘোষণা করেছিলেন- মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। সেই ঘোষণার পরে প্রায় পাঁচ বছর কেটে গেছে। পরে জঙ্গলমহলে যৌথ বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন কিষেণজি। সেই মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির ‘পূর্বাঞ্চলীয় ব্যুরো’ এখন বিবৃতি দিয়ে জানাচ্ছে, তাদের কাছে মমতার আসল চরিত্র অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এ কারণে মমতা সরকারকে উচ্ছেদে লালগড় আন্দোলনের মতো দুর্বার ও সশস্ত্র আন্দোলন গড়ে তুলতে হবে।
 
এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব ব্যানার্জি বুধবার বলেন, শুধু ১৫ আগস্ট বলে নয়, মাওবাদী বা অন্য কোনো জঙ্গি সংগঠনের পদক্ষেপের উপর আমরা কড়া নজর রাখছি। এই পরিস্থিতিতে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চলীয় ব্যুরোর এই প্রকাশ্য বিবৃতি খুবই তাত্পর্যপূর্ণ।
 
বিবৃতিতে মাওবাদীরা স্বীকার করে নিয়েছে যে, লালগড় আন্দোলনের সময় মমতাকে সমর্থন করাটা দলের ভুল সিদ্ধান্ত ছিল। ক্ষমতায় আসার জন্য মাওবাদীদের ব্যবহার করেছেন মমতা ও তার দল। তবে মাওবাদীদের বিবৃতি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিছু বলতে রাজি হননি।