চীনের ন্যান্নিং শহরের একটি চিড়িয়াখানায় দুই মাথাওয়ালা একটি কোবরা আনা হয়েছে। বিরল এই প্রাণীটি ইতোমধ্যে সেখানে ১৫ দিন পার করেছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, দুই মাথাওয়ালা ঐ কোবরাটি দেশটির একটি সাপের খামারে জন্মায়। পরে অধিক পরিচর্যার জন্য এটিকে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।
২০ সেন্টিমিটার লম্বা সাপটির মস্তিষ্ক দুইটি কিন্তু পাকস্থলী একটি। এটির ওজন মাত্র ৫০ গ্রাম। একই বয়সের একটি স্বাভাবিক গোখরার ওজনের চেয়ে এই ওজন ১৫ গ্রাম কম।
চিড়িয়াখানার রক্ষক লি কেকি জানান, ২০০৭ সন থেকে তিনি সেখানে সাপদের দেখাশুনা করছেন। কিন্তু এখন পর্যন্ত দুই মাথাওয়াল সাপ দেখেননি।
তিনি জানান, সাপটির দুইটি মাথা দুইদিকে যেতে চায়। এটি প্রাণীদের স্বাভাবিক চলাচলে একটি মারাত্মক অসামঞ্জস্যতা।