ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের আঞ্জুমান মার্কেটের পিছনে পুরাতন ডাক বাংলা এলাকায় সুবল চন্দ্র পাল নামে এক চাল ব্যবসায়ীর বাসায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে, সুবল চন্দ্র পাল ব্যবসায়িক কাজে দোকানে থাকায় ওই রাতে ৮/১০ জনের একদল ডাকাত বাসার দরজায় নক করে। এ সময় তার স্ত্রী কনা রাণী পাল দরজা খুলে দিলে মুখোশধারী ডাকাত দল ঘরে ঢুকে তার হাত-মুখ গামছা দিয়ে বেঁধে চালের বস্তা দিয়ে চাপা দিয়ে রাখে। এ সময় তার এক কন্যা বাসায় ঘুমিয়ে ছিল। এসময় ঘরে থাকা নগদ এক লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সুবল চন্দ্র পাল রাত সাড়ে ১১ টার দিকে বাসায় ফিরে এ ঘটনা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।