আড়াইহাজারে ৪ শতাধিক পোল্ট্রি খামার বন্ধ

খাদ্য, ওষুধসহ আনুষঙ্গিক উপকরণের দাম বৃদ্ধি এবং  ডিম ও মুরগির দাম কমে যাওয়ায় আড়াইহাজার উপজেলার ৪ শতাধিক  পোল্ট্রি খামার বন্ধ হয়ে হয়ে গেছে।  বেকার হয়ে পড়েছেন এ শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েক শ’ শ্রমিক-কর্মচারী।

উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে উপজেলায় ব্রয়লারের ৮০টি এবং লেয়ারের ৩৯৩টি খামার বন্ধ হয়ে গেছে। বর্তমানে চালু রয়েছে ১৬৮টি ব্রয়লার এবং ৬৩টি লেয়ারের খামার। আবার বন্ধ হয়ে যাওয়া খামারের মধ্যে পুনরায় চালু হয়েছে ব্রয়লারের ৫৬টি এবং লেয়ারের ৩৫টি।

প্রভাকরদী গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী ইসহাক জানান, এ শিল্প বর্তমানে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার মূল কারণ রোগবালাই, খাদ্য, ওষুধসহ উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। প্রতি বছর তাদের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। তবে লাভের আশায় টার্কি খামারের দিকে ঝুঁকছে এলাকার বেশ কিছু যুবক। কাকাইল মোড়া গ্রামের মঞ্জুর হোসেন  জানান, একটি এক কেজির ব্রয়লার মুরগির উত্পাদন খরচ পড়ে গড়ে ১১৫-১২০ টাকা; কিন্তু বর্তমানে ১০০-১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে লোকসানের কারণে তারা খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।

জানা গেছে, ২০/২৫ বছর আগে আড়াইহাজার  উপজেলার শত শত শিক্ষিত বেকার তরুণ-তরুণী স্বাবলম্বী হওয়ার আশায় পোল্ট্রি শিল্পের প্রতি ঝুঁকে পড়ে। উপজেলার ১০ ইউনিয়ন ও ২ পৌরসভায় গড়ে ওঠে সহস্রাধিক  ছোট-বড় ও মাঝারি পোল্ট্রি খামার। এর মধ্যে ব্রয়লার মুরগির খামারের সংখ্যাই বেশি। বর্তমানে ডিম ও মুরগির দাম কমে যাওয়ার পাশাপাশি রোগবালাই, খাদ্য ও ওষুধের মূল্য বৃদ্ধিসহ নানা কারণে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ৫০-৬০ ভাগ খামার। যে কয়টি টিকে আছে সেগুলোও লোকসান দিতে দিতে বন্ধ হওয়ার পথে। ফলে অনেকেই এ ব্যবসা ছেড়ে অন্য জীবিকায় ঝুঁকছেন। কেউ কেউ জীবিকার টানে শহরে পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসে কর্মরত ভ্যাটেনারি সার্জন ডাঃ শামীম আহমেদ  জানান, পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম বেড়ে গেছে। কিন্তু ডিম ও মুরগির দাম কমে গেছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে খামারিদের প্রয়োজনীয় পরার্মশ দিয়ে লোকসান ঠেকাতে সচেষ্ট রয়েছেন বলে তিনি জানান।  তিনি আরো জানান, বর্তমানে ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় বন্ধ হয়ে যাওয়া খামারগুলো আবার চালু হবে এই প্রত্যাশা করছি। তিনি জানান, বিভিন্ন রোগে গত ১৫ দিনে অর্ধশতাধিক মুরগী মারা গেছে।