ভবিষ্যৎ প্রজন্ম দুঃখ প্রকাশ করবে না: অ্যাবে

 
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজের দেশের ভূমিকার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তিনি বলেন পূর্বসূরিদের কৃতকর্মের জন্য জাপানের ভবিষ্যৎ প্রজন্ম দুঃখ প্রকাশ করবে না।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিনি তার পূর্ববর্তী সরকারগুলোর অবস্থানকেই তুলে ধরেন। তিনি বলেন, জাপান ইতিপূর্বে যে দুঃখ প্রকাশ করেছে তা অটুট আছে। তবে এসময় তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করা থেকে বিরত থাকেন।
 
অ্যাবের এই বক্তব্যের ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত এশিয়ার দেশগুলো গভীরভাবে নজর রাখে। যুদ্ধে চীন ও কোরিয়ায় সবচেয়ে বেশি নৃশংসতা চালিয়েছিল জাপানি সেনাবাহিনী। দেশ দুটির অভিযোগ জাপান তার কৃতকর্মের জন্য কখনোই সম্পূর্ণভাবে ক্ষমা চায়নি।
 
অ্যাবে তার বক্তব্যে বেশ সতর্কতা অবলম্বন করেছেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জাপানের ভবিষ্যৎ প্রজন্ম পূর্বসূরিদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করবে না বলে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
 
অ্যাবে বলেন, যুদ্ধের সময় নিরীহ জনগণের ওপর জাপান যে নৃশংসতা চালিয়েছে তা অপরিমেয়। এর জন্য জাপান প্রতিবছর গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে। এর আগের সরকারগুলোর এই অবস্থান ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে। তবে ভবিষ্যৎ প্রজন্মকে এ নিয়ে আর দুঃখ প্রকাশ করতে হবে না। সূত্র: বিবিসি