বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলার উন্নয়নে বড় বাধা নদী ভাঙ্গন রোধ করে যে কোন মূল্যে ভোলাকে রক্ষা করা হবে। শুক্রবার ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ভাঙ্গন কবিলত এলাকা পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিছুল ইসলাম মাহমুদ নদী ভাঙ্গন কবলিত ইলিশা ইউনিয়ন পরিদর্শন শেষে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে একই জনসভায় বক্তৃতা করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভাঙ্গনের কারনে ইলিশা ও রাজপুরসহ ভোলার বহু সম্ভ্রান্ত পরিবার গৃহহারা হয়েছে। সড়ক ভেঙ্গে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ভোলার সাথে ২১ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা।
তিনি বলেন, আমরা ভোলাকে সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছি। তবে, সবার আগে নদী ভাঙ্গন প্রতিরোধ করতে হবে।
পানি সম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ বলেন, এ জেলার ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তিতে স্থায়ী পদক্ষেপ নিয়ে ভোলাকে ভাঙ্গন থেকে রক্ষা করা হবে। পানি সম্পদ মন্ত্রী ভোলার ভাঙ্গনরোধে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারনের সহযোগিতা কামনা করেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী মাঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুস প্রমুখ।
এর আগে স্থানীয়রা সকাল থেকেই ভোলা-লক্ষীপুর-বরিশাল সড়কের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে ভোলার ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানায় ।