দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০তম বাষিকী উপলক্ষে এক বিবৃতিতে অ্যাবে পূর্ববর্তী সরকারের পথ অনুসরণ করে ক্ষমা চেয়ে অনুশোচনা প্রকাশ করলেও তিনি নতুন করে আনুষ্ঠানিক কোন ক্ষমা প্রার্থনা করেননি। তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সেই ভূমিকার জন্য ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা চাইতে বাধ্য থাকবে না। খবর বিবিসি’র।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতা সম্পর্কে তার দেয়া বক্তব্যটি এশিয়া অঞ্চলের দেশগুলোতে বেশ গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীন এবং দক্ষিণ কোরিয়া। ঐ দুটি দেশের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে ঐ ঘটনার জন্য জাপান এখনো পূর্ণাঙ্গভাবে প্রায়শ্চিত্ত করেনি।
যুদ্ধের সময় জাপান নিরীহ মানুষের চরম ক্ষতি এবং দুর্ভোগের কারণ হয়েছে স্বীকার করে অ্যাবে বলেন, ঐ বিভত্সতা নিয়ে চিন্তা করলে আমি নির্বাক হয়ে যাই। ঐ সময়ের কৃতকর্মের জন্য জাপান বারবারই অনুতাপ প্রকাশ করেছে এবং গভীর দুঃখ প্রকাশ করেছে। কিন্তু তখনকার ঐ ভূমিকার জন্য জাপানের ভবিষ্যত প্রজন্ম কোনভাবেই দায়ী নয়। তাই ভবিষ্যত প্রজন্মও যে ক্ষমা চাইতে বাধ্য থাকবে সেটি দাবি করা ঠিক হবে না।