উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনলো আথলেতিক বিলবাও। স্প্যানিশ সুপার কাপের প্রথম পর্বে আরিতস আদুরিসের হ্যাটিট্রিকে ৪-০ গোলের জয় পেয়েছে তারা।
শুক্রবার আথলেতিক বিলবাওয়ের মাঠ সান মামেসে প্রথম একাদশে আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিতিচ, জেরার্দ পিকের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের রাখেননি বার্সেলোনার কোচ লুইস এনরিকে। যার প্রভাব পড়ে বার্সেলোনার খেলায়।
বার্সেলোনাকে স্তব্ধ করে ত্রয়োদশ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন মিকেল সান জোসে। বিলবাওয়ের গোলরক্ষকের শট এগিয়ে এসে হেড করে বিপদমুক্ত করার চেষ্টা করেন মার্ক-আন্দ্রে টের স্টেগান। কিন্তু মাঠের মাঝামাঝি জায়গায় বল পেয়ে যান মিকেল। তার জোরালো শট বার্সেলোনার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ালে উল্লাসে মেতে উঠে সান মামেস।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকদের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে বার্সেলোনা। ৫০তম মিনিটে পেদ্রো রদ্রিগেসের শট ক্রসবারে লেগে ফিরলে হতাশ হতে হয় অতিথিদের। দুই মিনিট পর মেসির দারুণ একটি প্রচেষ্টা অসাধারণ নৈপুণ্যে ব্যর্থ করে দেন বিলবাওয়ের গোলরক্ষক। এরপর ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে বার্সেলোনার মনোবল ভেঙে দেন আদুরিস। ৫৩তম মিনিটে স্যাবিন ম্যারিনোর দারুণ এক ক্রসে বার্সেলোনার জালে বল পাঠিয়ে বিলবাওকে ২-০ গোলে এগিয়ে দেন আদুরিস। ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে অতিথিদের বিপদ আরও বাড়ান গত মৌসুমে ক্যারিয়ার সেরা ২৬ গোল করা আদুরিস। ছয় মিনিট পর দানি আলভেসের ফাউল থেকে পাওয়া পেনাল্টির সাহায্যে হ্যাটট্রিক পূর্ণ করেন আদুরিস।