বিজেপি এখন মোদী অমিত শাহের প্রাইভেট কোম্পানি :মমতা

কাশ্মিরের পুলওয়ামার ঘটনায় নিহত জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা সমালোচনা করছেন তাদেরই দেশদ্রোহী, পাকিস্তানি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি দলটা এখন নরেন্দ্র মোদী আর অমিত শাহের প্রাইভেট কোম্পানি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে বিজেপির কড়া সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসব কথা বলেন।

মমতা আরো বলেন, জওয়ানদের রক্ত নিয়ে যারা রাজনীতি করছে তাদের আমি ধিক্কার জানাই। আমরা জওয়ানদের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে। কিন্তু মোদীবাবুর বিপক্ষে। মোদীবাবু দেশের প্রধানমন্ত্রী হিসেবে লজ্জা। এই দলে আর কারোর মূল্যই নেই। মমতা এদিন ফের প্রশ্ন তোলেন, পুলওয়ামার ঘটনা কেন ঘটল? গোয়েন্দা রিপোর্ট থাকা সত্ত্বেও কেন এতজন জওয়ানকে বাঁচানোর চেষ্টা করা হলো না? এর জন্য দায়ী কে? জওয়ানদের রক্ত দিয়ে কেউ নির্বাচন জিতবে এটা হতে পারে না।