শিবগঞ্জে আওয়ামী লীগ কর্মী খুন

জেলার শিবগঞ্জ পৌর এলাকার মর্দনা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান সংঘর্ষের জেরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম (৩০) নামে এক কর্মী খুন হয়েছেন।
 
জানা গেছে, শনিবার দুপুর একটার দিকে রবিউল ইসলাম এলাকার একটি আম বাগানে কাজ করছিলেন। এ সময় বিবাদমান বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। রবিউল শিবগঞ্জ মর্দনা চকপাড়া গ্রামের নরুল ইসলামের (নজু মুন্নার) ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা আবদুস সালামের সমর্থক ছিলেন।
 
রাজশাহী মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. মজিবুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে রবিউলের মৃত্যু হয়েছে।
 
শিবগঞ্জ থানার এসআই নুরে আলম জানান, রবিউলের ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।