ইরাকে ব্যাপক বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানী বাগদাদজুড়ে এসব হামলা চালানো হয়। খবর রয়টার্সের।
হামলায় আক্রান্ত এলাকারগুলোর মধ্যে শিয়া আবাসিক এলাকা হাবিবিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাটি চালানো হয়। এখানে একটি গাড়ির শো-রুমের কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণে ১৫ জন নিহত ও আরো ৩৫ জন আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা মুরতাথা আবিদ আলি বলেছেন, “একটি গোয়েন্দা ক্যামেরার ফুটেজের ভিত্তিতে তদন্ত করে দেখা যায়, এক লোক সাদা একটি গাড়ি পার্ক করে রেখে কাছাকাছি একটি চায়ের স্টলে গিয়ে গা ঢাকা দেন। এর পাঁচ মিনিটের মধ্যে গাড়িটি বিস্ফোরিত হয়।”
হাবিবিয়ার অবস্থান সদর সিটির কাছেই, যেখানে বৃহস্পতিবার ভয়াবহ এক ট্রাক বোমা বিস্ফোরণে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।