চুয়াডাঙ্গায় তালিকাভুক্ত মাদক পাচারকারী আবুল বাশার ওরফে পাপ্পুকে (৩৮) আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত একটার দিকে দর্শনা পৌর এলাকার রশিক শাহ’র মাজারের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক আবুল বাশার চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, আবুল বাশার জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত মাদক পাচারকারী। তার কাছ থেকে একটি দেশে তৈরি পাইপগান, একটি তাজা গুলি ও ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আবুল বাশারের বিরুদ্ধে মাদক পাচার এবং অবৈধ অস্ত্র বহনের অভিযোগ দুটি মামলা দায়ের করা হয়েছে।
দামুড়হুদা থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।