আজ চেলসির বিপক্ষে লড়বে সিটি

 
ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রবিবার যখন নিজ মাঠে চেলসির মুখোমুখি হবে সেসময় তাদের লক্ষ্য হবে অধরা জয়ের সন্ধান করা। কেননা গত মৌসুমে কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির সিটি রানার্সআপ হলেও চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে জয়ের দেখা পায়নি। বাংলাদেশ সময় রাত নয়টায় ইত্তেহাদ স্টেডিয়ামে ব্লুজদের আতিথ্য দেবে সিটিজেনরা।
 
চেলসির কাছেই গতবার নিজেদের শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে বাধ্য হয়েছিল পেলেগ্রিনির ম্যানচেস্টার সিটি। আজ অবশ্য প্রতিপক্ষের তুলনায় মানসিকভাবে কিছুটা এগিয়ে মাঠে নামবে তারা। নিজেদের মাঠে সর্বশেষ সাতটি প্রিমিয়ার লিগ ম্যাচের ছয়টিই জিতেছে সিটি। এছাড়া প্রথম ম্যাচে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে তিন গোলের বড় ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে অ্যাগুয়েরো-স্টার্লিংরা। 
 
শিরোপাধারী চেলসির গত সপ্তাহে লিগ শুরু করেছিল সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোলের ড্রয়ে বাধ্য হয়ে। শিরোপা ধরে রাখার মিশনে এমনটা অপ্রত্যাশিত ছিল চেলসির জন্য। তার ওপর দলের ডাক্তার ইভা কারনেইরো কাণ্ডে ইংলিশ গণমাধ্যমের তোপের মুখে রয়েছেন চেলসি কোচ হোসে মরিনহো। কারনেইরো এবং দলের ফিজিওথেরাপিস্ট জন ফেয়ার্নকে ম্যাচ চলাকালীন সময়ে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া নিয়েই এ বিতর্ক।
 
চেলসির তুলনায় মানসিকভাবে সিটির খেলোয়াড়রা এগিয়ে থাকলেও দু দলের পারফরম্যান্স বিবেচনায় নিলে অবশ্য এগিয়ে রাখতে হবে সফরকারীদেরই। প্রিমিয়ার লিগে গত চারবারের দেখায় ব্লুজদের হারাতে পারেনি আকাশী নীলরা। যদিও ইত্তেহাদ স্টেডিয়ামে গেলেই যেন কিছুটা ছন্দ হারিয়ে ফেলে চেলসি। সিটির মাঠে সর্বশেষ সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে তারা। জয় মাত্র একটিতে। এক্ষেত্রে গত মৌসুমে সিটির মাঠে ১-১ গোলের ড্রটিকে প্রেরণা হিসেবে দেখতে পারেন চেলসি ভক্তরা।
 
প্রিমিয়ার লিগের শীর্ষ দল দুটির মধ্যকার গুরুত্বপূর্ণ এ খেলাটির আগে উভয় দলকেই একাদশ সাজাতে বাড়তি চিন্তা করতে হবে। সোয়ানদের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় মরিনহো পাবেন না তার এক নম্বর গোলরক্ষক থিওবট কর্তোয়াকে। তাই চেলসির হয়ে প্রথমবারের মতো শুরু করতে দেখা যাবে স্টোক সিটি থেকে আসা গোলরক্ষক আসমির বেগোভিচকে। এছাড়া অনুশীলনের সময় সামান্য ইনজুরিতে পড়ায় না খেলার আশঙ্কা আছে ব্রাজিলিয়ান তারকা অস্কারেরও। অন্যদিকে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যাচে উঠিয়ে নেয়া ইয়াইয়া তোরে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরলেও মিডফিল্ডার ফেবিয়ান ডেলফ এবং ফার্নান্দোকে পাবেন না পেলেগ্রিনি। ফুলব্যাক গায়েল ক্লিচির খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
 
মরিনহোর দলে কস্তা-হ্যাজার্ডদের নিয়ে দুর্দান্ত আক্রমণভাগ থাকলেও প্রতিপক্ষ শক্তিশালী বলে তাদের মাঠে পর্তুগিজ কোচটি কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলাতে পারেন। মরিনহোর বক্তব্যেও ফুটে উঠেছে একই রকম সুর। সিটির বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, ‘আমরা ৩৮টি ম্যাচ নিয়ে কথা বলছি। এটা দীর্ঘ সময়ের একটি ম্যারাথন যা গত সপ্তাহে শুরু হয়েছে। আমি বলতে পারব না যে ম্যাচটি গুরুত্বপূর্ণ নয়। আপনি তিন পয়েন্ট পেলে আপনার প্রতিপক্ষ শূন্য পাবে। এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলছি না আজকের ম্যাচটিই (শিরোপা) জয় কিংবা পরাজয় নির্ধারণ করে দেবে।’
 
পেলেগ্রিনি অবশ্য নিজ মাঠে খেলা হওয়ায় পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাইবেন।  চিলিয়ান কোচটি জানান, ‘আমরা দ্বিতীয় খেলায়ই শিরোপার কথা ভাবছি না। কিন্তু ঘরের মাঠে আমরা পয়েন্ট জিততে চেষ্টা করব।’
 
সিটির বিপক্ষে এ খেলায় হারলে কিংবা ড্র করলেও ১৬ বছর পর প্রিমিয়ার লিগে প্রথম দুটি খেলার একটিও না জেতার লজ্জায় পড়বে চেলসি।