পাকিস্তানে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদার রাজনৈতিক কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। রবিবার পুলিশের বরাত দিয়ে ডন এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় সুজা খানজাদা মারাত্মকভাবে আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তবে অন্য গণমাধ্যম বলছে, খানজাদা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
ডন বলছে, বিস্ফোরণে ভবনের একটি ছাদ ধসে পড়েছে ও আশপাশের বারি জানালার কাঁচ ভেঙে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো ২০ থেকে ২৫ জনের মতো চাপা পড়েছেন।
খানজাদার কর্মচারীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় সুজা খানজাদা কার্যালয়েই ছিলেন। এ ঘটনায় তিনি আহত হয়েছেন।
সুজা খানজাদার ছেলে সোহরাব খানজাদা জিও নিউজকে জানিয়েছেন, বিস্ফোরণে ভবন ধসে পড়লে তার বাবা ধ্বংস্তূপের নিচে চাপা পড়েছিলেন।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, একজন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে। এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।