গোপালগঞ্জে তরুণীর লাশ নিয়ে বিপাকে পুলিশ

 
গোপালগঞ্জে সালমা (১৮) নামে এক তরুণীর লাশ নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। শনিবার সকালে ওই তরুণী গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের মর্গে পাঠায়। বিকেলে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু তার কোনো স্বজন লাশ নিতে আসেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুনীর লাশ মর্গেই রাখা ছিল।
 
হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী জানান, বিষপান করে ওই তরুণী অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার রাত একটার দিকে লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। ভর্তির সময় রেজিস্ট্রারে তার নাম সালমা (১৮), পিতা: সুলতান মুন্সি, সাং গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম লেখা হয়।
 
গোপালগঞ্জ সদর থানার এস আই মো. আব্দুস সোবহান বলেন, শহরতলীর বেদগ্রামে শনিবার ও রবিবার তন্ন তন্ন করে খুঁজেও সালমার স্বজনদের সন্ধান মেলেনি। লাশটি মর্গেই রয়েছে। স্বজনদের পাওয়া যায়নি বলে লাশ হস্তান্তর করা সম্ভব হয়নি। নিকট জনের সন্ধান না পেলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে। তবে ধারনা করা হচ্ছে ওই মহিলার মৃত্যুর পেছনে কোনো বড় ধরনের রহস্য লুকিয়ে থাকতে পারে।