পিসিবির উচিত বিনিয়োগ করা: ওয়াসিম আকরাম

সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম মনে করছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবশ্যই বিনিয়োগ করতে হবে। দলাটির সাবেক অধিনায়ক এ প্রসঙ্গে রমিজ রাজা, শোয়েব মোহাম্মদ, বাসিত আলী, আমির সোহেল, মুশতাক আহমেদ এবং ওয়াকার ইউনিসের মত গ্রেট খেলোয়াড়দের কথা উল্লেখ করে বলেন এরা সকলেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সৃষ্টি।

করাচিতে জাতীয় স্টেডিয়ামে দুই সপ্তাহ তরুণ ফাস্ট বোলারদের অনুশীলন ক্যাম্প পরিচালনা কালে ওয়াসিম আকরাম বলেন, এখানে যারা ক্যাম্প করেছে তারা সকলেই অত্যন্ত মেধাবী এবং ভাল ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।

একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘এ সকল খেলোয়াড়দের জন্য অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ সফর আয়োজন করা এবং তাদের উন্নতির পরীক্ষা করাটা এখন নির্বাচক ও পিসিবির ব্যপার।’

তিনি বলেন, ‘এই তরুণ বোলারদের উন্নতিতে আমি অত্যন্ত খুশি। তারা কঠোর পরিশ্রম করছে এবং পরামর্শমত সব কিছু শেখার জন্য খুবই আগ্রহী।’ এ সকল বোলাদেরকে নিজ মাঠে প্রমাণ করার জন্য নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

ওয়াসিম বলেন, ‘ফিল্ডিং সাজানোটা বোলারদের কাজ, অধিনায়কের নয়। একজন অধিনায়ক একজন তরুণ বোলারকে সাহায্য করতে পারে কিন্তু মূল কাজটা শেষ পর্যন্ত একজন বোলারকেই করতে হয়।’

একজন যাতে আরো ভাল ও দ্রুততম বোলার হতে পারে সে জন্য কেবলমাত্র তাদের রান আপের বিষয়টিই ঠিক করে দিয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘যেহেতু দ্রুত বোলিং করার জন্য আপনাকে ২০ বছর সুপার ফিট থাকতে হবে তাই ফাস্ট বোলিংটা এত সহজ নয়।’ তিনি বলেন কোন মেধাবীই একাকী একজন গ্রেট বোলার হতে পারে না। একজন বিশ্বমানের বোলার হতে হলে তাকে ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করতে হয়।

তরুণ মেধাবীরা কিভাবে বিশ্বমানের একজন ফাস্ট বোলার হতে পারে সে বিষয়টিই সকলকে বুঝিয়েছেন বলে উল্লেখ করেন ওয়াসিম। তাই নতুন এ সকল মেধাকে কাজে লাগানোর জন্য বয়স ভিত্তিক বিশেষ করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য পিসিবি’র আরো বেশি নজর ও বিনিয়োগ করা দরকার বলে উল্লেখ করেন তিনি।