শিগগিরই দলে ফিরছেন ইব্রাহিমোভিচ এবং ডি মারিয়া

দলের দুই তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ এবং এ্যাঞ্জেল ডি মারিয়া খুব শিগগিরই দলে ফিরবেন বলেন আশাবাদ ব্যক্ত করেছেন প্যারিস সেইন্ট-জার্মেই কোচ লরেন্ট ব্ল্যাঙ্ক।
গত শনিবার লিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে লেস প্যারিসিয়েন্সরা তাদের লীগ ওয়ান মৌসুম শুরু করেছে।

তবে লীগের প্রথম ম্যাচে দলে ছিলেন না সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ এবং ৬৩ মিলিয়ন ইউরোতে এবারের মৌসুমে দলে যোগ দেয়া আর্জেন্টাইন সুপারস্টার ডি মারিয়া। আগস্টের প্রথম সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তিনি পার্ক ডে প্রিন্সেসে পাড়ি জমান। রোববার আয়াসিওর বিপক্ষে ম্যাচটিতে এই দুই তারকা অনুপস্থিত থাকছেন। তবে ব্ল্যাঙ্ক নিশ্চিত করেছেন আগামী সপ্তাহে এই দুজনেই দলে ফিরছেন।

ব্ল্যাঙ্ক বলেছেন, জ্লাতান বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, এখনো সে শতভাগ সুস্থ নয়। অন্যদিকে ডি মারিয়া এখনো ফিজিক্যাল প্রোগ্রামের আওতায় আছে। ডি মারিয়া দেরীতে দলে যোগ দিয়েছেন এবং এখানে আসার পরে তার থাইয়ে সামান্য ইনজুরি ছিল। কিন্তু আগামী সপ্তাহে দুজনেই দলের পূর্ণ অনুশীলনে ফিরছেন। পিএসজি কোচ লেফট-ব্যাক লুকাস ডিগনের সিরি-আ ক্লাব রোমাতে যাবার বিষয়টিও নিশ্চিত করেছেন।