ইরাক প্রশ্নে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী জেব বুশের সমালোচনার জবাব দিয়েছেন ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। রবিবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জবাবে হিলারি ক্লিনটন বলেছেন, জেব বুশের ভাই জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট থাকাকালে মার্কিন সৈন্য প্রত্যাহারের আলোচনা করেন।
এর আগে মঙ্গলবার বুশ ২০১১ সালে ইরাক থেকে মার্কিন বাহিনীর ‘অকাল প্রত্যাহারের’ জন্য ওবামা প্রশাসনকে অভিযুক্ত করেন। তিনি বলেন, এর জন্য অনেক মূল্য দিতে হয়েছে।
বুশ বলেন, ২০১১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহার ছিল একটা বিরাট ভুল যা ইরাককে অস্থিতিশীল করেছে এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গির উত্থান ঘটিয়েছে।
ওবামা ও হিলারি ক্লিনটনের ব্যাপারে তিনি বলেন, ইতিহাসবেত্তা হওয়ার অধীর আগ্রহের কারণে তারা শান্তি প্রতিষ্ঠাতা হতে পারেননি।
জেব বুশের সমালোচনার জবাবে শনিবার হিলারি বলেন, তার পুরো ব্যাপারটা তুলে ধরা উচিত। তার ভাই জর্জ ডব্লিউ বুশ ইরাকের মালিকি সরকারের সঙ্গে চুক্তি করেছিল এবং সেই চুক্তিতে ২০১১ সালের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত হিলারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের পর বছরের পর বছর ধরে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। খবর: এএফপি।