নেত্রকোনায় সাবেক এমপির পিস্তল চুরি

 
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরুর মোক্তারপাড়াস্থ বাসভবনে শনিবার শেষরাতে চুরি সংঘটিত হয়। চোর বাসার দোতলা ঘরের গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে ৭.৬৫ বোরের পিস্তলসহ টাকা চুরি করে নিয়ে গেছে। আশরাফ আলী খান খসরু ঘটনার রাতে অপর একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে খবর পেয়ে নেত্রকোনার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
পুলিশ কর্মকর্তারা জানান—চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পিস্তলটি উদ্ধারের ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে রাজনৈতিক মহলে বলাবলি হচ্ছে যে, জেলা আওয়ামী লীগের সম্পাদক খসরুকে কেউ হত্যার জন্য তার কক্ষে প্রবেশ করে।
 
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সম্পাদককে জিজ্ঞেস করলে তিনি বলেন, যারা এসেছিল, তাদের মোটিভ কি ছিল, তার পক্ষে জানা সম্ভব নয়, তবে হতেও পারে।
 
এ ঘটনায় নেত্রকোনা থানায় মামলা হয়েছে।