যাত্রাবাড়ীতে রাসায়নিক মেশানো ৫০০ কেজি গলদা জব্দ

 
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাছের আড়তে অভিযান চালিয়ে রাসায়নিক মেশানো ৫০০ কেজি গলদা চিংড়ি জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
 
রবিবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্ধ করা হয়।
 
এ সময় রাসায়নিক মিশ্রিত মাছ মজুদ ও বিক্রয়ের অপরাধে বুড়িগঙ্গা মত্স্য আড়ত, ঢাকা মত্স্য আড়ত ও যাত্রাবাড়ী মত্স্য আড়তের ৯ মাছ বিক্রেতাকে আটক করে দণ্ড প্রদান করেন  র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দিপংকর ও উজ্জ্ব্বলকে ২০ দিনের ,তাপস, রাজ্জাক ও বেজন বৌদ্ধকে  ১৫ দিনের এবং অমিত, আজিজুল, কার্তিক ও কাদেরকে সাত দিনের কারাদণ্ড।
 
র‍্যাব-২-এর উপপরিচালক ড. মো. দিদারুল আলমের পরিচালনায় ও মত্স্য অধিদফতরের কর্মকর্তা  নাজিম উদ্দিন আহমেদের উপস্থিতিতে অভিযান শেষে জব্দকৃত মাছ মত্স্য অধিদধতরে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।
 
র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফেরদৌসী রহমান জানান, ঢাকা শহরের বিভিন্ন বাজারে গলদা চিংড়ি চাহিদা অনেক বেশি। চাহিদা মেটানো এবং বেশি মুনাফা লাভের আশায় আটককৃতরা দেশের সুমদ্র উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, মুন্সীগঞ্জ, খুলনা, বাগেরহাট, বরিশাল এলাকা হতে এ মাছ সংগ্রহ করে। মাছের ওজন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ ইনজেকশন দিয়ে পুশ করা হয়। ফলে এ মাছ খাদ্য হিসেবে গ্রহণ করলে শারীরিক বিভিন্ন রোগে আক্রান্তসহ ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির আশংকা রয়েছে।