ডুয়েটে জব ফেয়ার-২০১৫ অনুষ্ঠিত

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রথমবারের মত জব ফেয়ার-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। 
 
রবিবার সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ওয়ার্কশপ ভবনে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ এর আয়োজন করে।
 
মেলায় প্রাণ আরএফএল গ্রুপ, যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেঙ্গল, আকিজ গ্রুপ, ওরিয়ন, এসিআই, আনোয়ার গ্রুপসহ দেশের স্বনামধন্য ২২টি কোম্পানি অংশ নেয়।
 
সকালে প্রধান অতিথি হিসেবে জব ফেয়ার- ২০১৫ এর উদ্বোধন করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।
 
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এ মেলার মাধ্যমে ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপিত হবে এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। তিনি আশা প্রকাশ করেন এই জব ফেয়ারে ১২০ জন গ্রাজুয়েটই তাদের দক্ষতা প্রদর্শনপূর্বক চাকরি অর্জন করতে পারবে।
 
জব ফেয়ারের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ইন্ডাস্ট্রিগুলোতে অনেক নতুন নতুন টেকনোলজি থাকে যা সবসময় আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকে না। এ ধরনের ফেয়ারের মাধ্যমে ইন্ডাস্ট্রির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কারিগরি সম্পর্ক বৃদ্ধি পাবে।
 
অনুষ্ঠানে যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং যন্ত্রকৌশল বিভাগের আউটগোয়িং ছাত্ররা অংশ গ্রহণ করেন।