কেন্দুয়ায় টক্কাগাড়ি উল্টে চালক নিহত

জেলার কেন্দুয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত টক্কাগাড়ি উল্টে এর চালক নিহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজার সংলগ্ন গ্রামীণফোন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর গ্রামের রজব আলীর ছেলে।
 
জানা গেছে, রাসেল মিয়া টক্কাগাড়ি দিয়ে ভাড়ায় বিভিন্ন স্থানে হাঁস ও মুরগি আনা-নেয়া করতেন। রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি হাঁস ভর্তি গাড়িটি নিয়ে স্থানীয় রামপুর বাজার থেকে কেন্দুয়া উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা করলে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন চালক রাসেল। আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কলতাপাড়া নামক স্থানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।