কানাডার আরেক মন্ত্রীর পদত্যাগ, ঝুঁকিতে ট্রুডো

 

ইত্তেফাক ডেস্ক

বৃহত্ একটি নির্মাণ কোম্পানির দুর্নীতি ঘিরে সৃষ্ট রাজনৈতিক কেলেঙ্কারি মোকাবিলায় সরকারের পদক্ষেপে হতাশা ব্যক্ত করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কানাডার ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট জেইন ফিলপট। ৫৮ বছর বয়সী এ নারী সরকারি ব্যয় সংক্রান্ত বিষয়াদি দেখভালের দায়িত্বে ছিলেন। চলতি বছরের ১৪ জানুয়ারি  নিয়োগ পেয়েছিলেন। নির্মাণ কোম্পানি এসএনসি-লাভালিন ইনকর্পোরেটেডকে দুর্নীতির বিচারের হাত থেকে বাঁচাতে সাবেক বিচারমন্ত্রী জোডি উইলসন-রাইবোল্ডকে কর্মকর্তারা চাপ দিয়েছিলেন, এমন অভিযোগের ব্যাপারে সরকারের পদক্ষেপে হতাশা ব্যক্ত করে সোমবার পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। এ নিয়ে তিন সপ্তাহের ব্যবধানে কানাডার মন্ত্রিসভার দুই সদস্য পদত্যাগ করলেন। প্রভাবশালী নারী মন্ত্রী ফিলপটের পদত্যাগ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বেকায়দায় ফেলবে বলে ধারণা পর্যবেক্ষকদের। ক্ষমতায় থাকা ট্রুডোর লিবারেল পার্টি এবারের নির্বাচনে পরাজিত হতে পারে বলেও বেশ কয়েকটি জনমত জরিপে ইঙ্গিত মিলেছে। - রয়টার্স