ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের খোঁজ


ইন্দোনেশিয়ার ৫৪ জন আরোহী বহনকারী অভ্যন্তরীণ রুটের বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার দাবি করেছে একটি অনুসন্ধানকারী বিমান। সোমবার দেশটির পাপুয়া প্রদেশের ঘন অরণ্যবেষ্টিত বিনতাং পার্বত্যাঞ্চলে ত্রিগানা এয়ারের বিধ্বস্ত এটিআর ফর্টিটু টার্বোপ্রপ বিমানটির খোঁজ পেয়েছে বলে দাবি করেছে কর্মকর্তারা। খবর রয়টার্সের।

স্থানীয় পুলিশ প্রধান ইউনুস ওয়ালি এই তথ্য জানিয়েছে।

তিনি বলেন, “এটি সত্য যে, এএমএ-এর (অ্যাসোসিয়েটেড মিশন এভিয়েশন) বিমানটি ওকশপ জলপ্রপাতের কাছে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছে। তল্লাশি ও উদ্ধারকারী দল ওই অঞ্চলে  অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।”

বিধ্বস্ত হওয়া ওই বিমানটির কেউ বেঁচে আছেন কিনা তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

বিমানটি জয়পুরার সেন্তানি বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় ওকসিবিলে যাওয়ার পথে স্থানীয় সময় রবিবার বিকাল ৩টার দিকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে স্থানীয় পুলিশ জানিয়েছিল, ওকসিবিলি বিমানবন্দর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ওকবাপের গ্রামবাসীরা বলেছেন, তারা নিচ দিয়ে উড়ে যাওয়া একটি বিমান পর্বতের ওপর বিধ্বস্ত হতে দেখেছেন।

ত্রিগানা এয়ারের এটিআর ফর্টিটু টার্বোপ্রপ উড়োজাহাজটিতে  ৪৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচ শিশু ও পাঁচজন ক্রু ছিলেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।