ঠাকুরগাঁও জামায়াতের আমির গ্রেফতার

 
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামের আমির মো. আব্দুল হাকিমকে গ্রেফতরা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দিবাগত গভীর রাতে তার হাজিপাড়া নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। 
 
পুলিশ জানিয়েছে, আব্দুল হাকিমের বিরুদ্ধে হরতাল-অবরোধে নৈরাজ্য সৃষ্টি, সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের দিন সহকারী প্রিজাইডিং অফিসারকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ডজন খানেক মামলা রয়েছে।
 
হাকিমের স্ত্রী জাকিয়া জাবিন বলেন, রাত দুইটার দিকে পুলিশ ও বিজিবির ছয়টি গাড়ি বাসার চারদিকে ঘিরে ফেলে। পরে ওসির নেতৃত্বে বাড়িতে ঢুকে তারা আমার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।
 
ঠাকুরগাঁও সদর থানার ওসি মেহেদী হাসান জানান, রাত দুইটার দিকে জেলা শহরের হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথদল তাকে গ্রেফতার করা হয়।
 
তিনি আরো জানান, আব্দুল হাকিম এতোদিন আত্মগোপনে ছিলেন। রাতে বাসায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।