প্রথম লক্ষ্য বিদেশের মাটিতে বেশি ম্যাচ জেতা: স্টিভেন স্মিথ

 
অস্ট্রেলিয়ার টেস্টে দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া স্টিভেন স্মিথ বলেছেন, আমার প্রথম ও প্রধান লক্ষ্য বিদেশের মাটিতে বেশি বেশি ম্যাচ জেতা। দায়িত্ব পাওয়ার পর এভাবেই নিজের অভিব্যক্তি জানিয়েছেন তিনি।
 
এ্যাশেজ হারে স্বেচ্ছায় অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়েন মাইকেল ক্লার্ক। এরপরই অধিনায়ক হিসেবে দায়িত্ব পান স্মিথ। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর দিয়ে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হবে স্মিথের।
 
অধিনায়কত্ব নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে স্মিথ বলেন, সত্যি করে বলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দায়িত্ব পেয়ে আমি অনেক বেশি উচ্ছ্বসিত। আশা করছি অস্ট্রেলিয়া আগামীতে ভালো সাফল্য পাবে। সহ-অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারের দায়িত্বটা পাওয়াটা আনন্দের। তার সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। আমরা একে-অপরকে অনেক দিন যাবৎ জানি। আমাদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। একত্রে জুটি বেেঁধ দলকে অনেক সাফল্য এনে দিতে পারব। ক্লার্কের অবসরের ঘোষণা নিয়ে আমি চিন্তিত ছিলাম না। দলের প্রয়োজনে আমি যেকোন দায়িত্ব পালন করার জন্য প্রস্তত। তেমনি, এই অধিনায়কত্বও।
 
অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্যের কথা জানিয়ে স্মিথ বলেন, এ্যাশেজ সিরিজ হেরে যাওয়ায় কিছু্টা হলেও দলের খেলোয়াড়রা হতাশ। তাই অধিনায়কত্বের দায়িত্ব পুরোপুরি নেয়ার পর দলের সকলের সাথে আমি কথা বলবো এবং তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করব। এরপর আমার লক্ষ্য নিয়ে কাজ করব। আর তাহলো- বিদেশের মাটিতে অনেক বেশি ম্যাচ জয় করা। সব দেশে খেলতে গিয়ে ভালো পারফরমন্সে করতে চাই। সেখানে পারফরমেন্সের ধারাবাহিকতা তৈরি করতে চাই। এ্যাশেজের শেষ টেস্টের পর অধিনায়ক হিসেবে আমার পথ চলা শুরু হবে। বাংলাদেশ সফরটি আমার প্রথম অ্যাসাইনমেন্ট। সেখানকার কন্ডিশন আমাদের জন্য বড় চ্যালেঞ্জের হবে। সেখানে আমরা আসল ক্রিকেট খেলতে পারলেই সাফল্য ধরা দিবে। এছাড়া সিরিজগুলোতে ভালো ফল করতে পারব আমরা। এই দলের সেই সামর্থ্য আছে।

অধিনায়কত্ব ও ভবিষ্যত নিয়ে কথা বললেও এসবের পেছনে এখনই পুরোপুরি সময় ব্যয় করতে রাজি নন স্মিথ। কারণ, এ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট এখনো বাকি আছে। যা শুরু হবে আগামী ২০ আগস্ট। তাই ওভাল টেস্ট নিয়ে নিজের চিন্তাকে পরিপূর্ণ করার কথা জানালেন ২৬ বছর বয়সী স্মিথ। তিনি বলেন, অধিনায়কত্ব বা ভবিষ্যত নিয়ে পরিকল্পনা রয়েছে। তবে এগুলো নিয়ে পরে কাজ করা যাবে। কারণ, এখন আমাদের সামনে আরও অনেক বড় কাজ রয়েছে, ওভাল টেস্ট। কারণ, সেটি ক্লার্কের শেষ টেস্ট। তাই তার বিদায়টা জয় দিয়েই করতে চাই আমরা। কারণ, জয় দিয়ে ক্যারিয়ার শেষ করার যোগ্যতা সে রাখে। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা খেলোয়াড় ক্লার্ক। সেই সাথে তার অধিনায়কত্বও ছিলো অসাধারণ। আশা করছি, আগামী সপ্তাহে ক্লার্ককে আমরা ভালো কিছু উপহার দিতে পারব।-বাসস।