জেলার সরাইল উপজেলার বেড়তলা এলাকা থেকে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে একটি পিকাপভ্যান ছিনতাই করে পালিয়ে যায় সংঘবদ্ধ চক্রের সদস্যরা।
সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধারসহ চক্রের তিন সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন, আখাউড়ার মো. আলমীর, সরাইলের মো. শাহীন ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার রহমত আলী। আটকদের সরাইল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
হাইওয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম এবং ছিনতাই হওয়া গাড়ির চালক মো. জসিম উদ্দিন জানায়, ভোররাতে নরসিংদী থেকে মাল নামিয়ে পিকাপভ্যান নিয়ে চালক হবিগঞ্জের মাধবপুর ফিরছিলেন। ভোররাত চারটার দিকে উপজেলার বেড়তলা নামক স্থানে পৌঁছামাত্র চার সদস্যের ছিনতাইকারী দলের চক্র অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পিকাপভ্যানটি ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক পিকাপভ্যান চালক বিষয়টি খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে পুলিশে জানায়। পরে ছিনতাই হওয়া পিকাপ ভ্যান চালকের তথ্য অনুযায়ী বিশ্বরোড এলাকায় মদিনা মার্কেটের সামনে একটি প্রাইভেটকারে অবস্থানকালে ওই চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশ।
সকালে ছিনতাই হওয়ায় পিকাপভ্যানটি জেলা শহরের টেংকেরপাড় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়া ওই চক্রের অপর সদস্যকে আটক করে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।