ছিনতাইকালে দুই যুবক আটক : দ্রুত বিচার আইনে মামলা

জেলার উলিপুর উপজেলায় ছিনতাইকালে দুই যুবককে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। এ ঘটনায় সোমবার উলিপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামের অটোবাইকচালক কাইযুম আলী রবিবার রাত আটটার দিকে উলিপুর বাজার থেকে কয়েক বস্তা সার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় উলিপুর পৌরসভার কাছারী পাড়ার হাফিজুর (৩২) ওই অটোতে মালতিবাড়ি যাওয়ার কথা বলে উঠে পড়ে। এ সময় অপর তিন ছিনতাইকারী দুটি মোটরসাইকেলে করে ওই অটোর পিছু নেয়। উলিপুর-কুড়িগ্রাম সড়কের তেঁতুলতলা নামক স্থানে পৌঁছামাত্রই মোটরসাইকেল দুটি অটোবাইকটিকে ব্যারিকেড দেয়। এ সময় হাফিজুর মারপিটের ভয় দেখিয়ে কাইয়ুমের পকেটে থাকা তিন হাজার ছয় শ টাকা ও মোবাইলসেট ছিনিয়ে নিয়ে ওই মোটরসাইকেলে উঠে পড়ে। এ সময় একটি দ্রুত পালিয়ে গেলেও হাফিজুরের চেপে বসা মোটরসাইকেলটিকে অটোচালক কাইয়ুম আটক করে চিৎকার দিতে থাকে। মুহূর্তেই এলাকার লোকজন এসে তাদের গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
 
উলিপুর থানার এসআই আতিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে, এ চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের নানা অপকর্মের সঙ্গে জড়িত।