ডোমারে ট্রেনের ধাক্কায় নছিমনের চালক নিহত

জেলার ডোমার উপজেলায় রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় একটি নছিমনযান দুমড়েমুচড়ে গেছে। এ সময় এর চালক নিহত হয়েছেন। নিহত জহির উদ্দিন (৩২) সোনারায় ইউনিয়নের হাজিপাড়া গ্রামের হারেস আলীর পুত্র।
 
সোমবার দুপুর পৌনে দুইটার দিকে সোনারায় জামিরবাড়ি হাজিপাড়া অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, জহির উদ্দিন ডোমার ফার্ম থেকে নছিমন নিয়ে বাড়ি ফেরার পথে ওই রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী ট্রেনটি ডোমার আসার সময় নছিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নছিমনের চালক জহিরের মৃত্যু হয়।
 
এলাকাবাসীর অভিযোগ, এই রেলক্রসিংয়ে কোন গেট বা গেটম্যান নেই। এটি দীর্ঘদিন ধরে অরক্ষিত রয়েছে। এভাবে অরক্ষিত থাকলে আরো বড় কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এখানে রেলগেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবি করেন এলাকাবাসী।