নাইজেরিয়ার বোকো হারামের প্রধান আবু বকর শেকাও তার মৃত্যুর খবর অস্বীকার করে বিবৃতি দিয়েছেন। অডিও বার্তায় ‘জীবিত আছি’ বলে ঘোষণা করেন তিনি।
আট মিনিটের ওই বার্তায় শেকাও আরো বলেন, ‘আমি মরিওনি, ক্ষমতাচ্যুতও হইনি।’ সোমবার এক প্রতিবেদনে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, হাউসা ভাষায় রবিবার নিজের অবস্থান তুলে ধরে অডিও বার্তাটি প্রকাশ করেন শেকাও। এর আগে চাঁদের নেতা ইদ্রিস ডেবি দাবি করেছিলেন, বোকো হারামের প্রধান পদ থেকে শেকাওকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
সেই অভিযোগ অস্বীকার করে শেকাও বলেছেন, ‘বিশ্বব্যাপী এটা গণমাধ্যমের সন্দেহ যে, আমি বোধহয় মারা গেছি। আমি হয়ত অসুস্থ।’ শেকাও বলেন, ‘এটা মিথ্যাচার। এটা অবশ্যই ডাহা মিথ্যা। যদি সত্যই হতো, তাহলে আমি যে এখন কথা বলছি, এই কণ্ঠ শোনা যেত না।’
১২ আগস্ট ডেবি ঘোষণা করেন, বোকো হারামের নেতা শেকাও আর ক্ষমতায় নেই। আর তার উত্তরসূরি মোহাম্মত দাউদ এরই মধ্যে আলোচনায় বসতে রাজি।
অডিও বার্তায় শেকাও বলেন, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, তার করুণায় আমি এখনও নিশ্চিহ্ন হইনি। আমি এখনও বেঁচে আছি। আমি মরিনি এবং আল্লাহ যে সময় বেঁধে দিয়েছেন, সেই সময়ের আগে আমি মরব না।’
বোকো হারাম বিষয়ে নিয়মিত প্রতিবেদন করে আসছেন, এএফপির এমন একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন, আবুবকর শেকাও এর আগে অন্য রেকর্ডিংয়ে যে কণ্ঠস্বর দিয়েছেন, এই কণ্ঠস্বরও ঠিক একই।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় 'ইসলাম প্রতিষ্ঠার জন্য' সশস্ত্র লড়াই করছে বোকো হারাম। ছয় বছরের এই যুদ্ধে অন্তত ১৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।