ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া সাংবাদিক প্রবীর সিকদারকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। এর আগে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ হেফাজত থেকে সোমবার বিকেল পাঁচটা ৩৫ মিনিটে তাকে আদালতের হাজতখানায় নেয়া হয়। এ সময় ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, তাকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন জানিয়ে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় তার রিমান্ড আবেদনের ওপর শুনানি না করে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। পরবর্তী শুনানির দিনও জানানো হয়নি।
রবিবার সন্ধ্যায় প্রবীর সিকদারকে ঢাকা থেকে গ্রেফতারের পর রাতেই ফরিদপুর নিয়ে আসে পুলিশ। ফরিদপুর কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, ফরিদপুরের এপিপি স্বপন পাল তথ্য-প্রযুক্তি আইনে প্রবীর সিকদারের বিরুদ্ধে রবিবার থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন। ওই মামলায় প্রবীর সিকদারকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রবীর সিকদারের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন হওয়ায় তিনি (স্বপন পাল) সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন।