বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নারায়ণগঞ্জের শান্তির চরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সোমবার বিকেলে শীতলকক্ষা, মেঘনা ও ধলেশ্বরীর মোহনায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তির চরে সরকারি খাস জমি পরিদর্শন শেষে সন্ধায় নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট এলাকায় সাংবাদিকদের একথা বলেন তিনি।
রাশেদ খান মেনন সাংবাদিকদের আরো জানান, শান্তির চরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। পাশাপাশি আমরা এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছি। এজন্য আমরা আজ জায়গাটি ঘুড়ে দেখে গেলাম। ঢাকার পাশে তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র গড়ে তুললে এটি নগরের বাসিন্দাদের জন্য একটি বিনোদনের জায়গা হবে।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের চেয়ারম্যান পবন চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহীনারা বেগম, বন্দর উপজেলার ইউএনও মুনিরা সুলতানা ও বন্দরের এসি ল্যান্ড নাহিদা বারি।