সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

 
সোনালী ব্যাংক ঢাকা ক্যান্টনমেন্ট শাখার ডিজিএম শওকত আলীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চালাতে দুদক উপ-সহকারী কর্মকর্তা মনিরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
 
বিষয়টির তদারকির দায়িত্ব দেয়া হয়েছে উপ-পরিচালক বেনজীর আহম্মদকে। সোমবার এ সংক্রান্ত একটি ফাইল সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তার কাছে ন্যস্ত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বিষয়টি নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
 
অভিযোগের বরাত দিয়ে দুদক সূত্র জানায়, যেসব অ্যাকাউন্টের কোন দাবিদার থাকে না (আন ক্লেইমড অ্যাকাউন্ট) সেসব অ্যাকাউন্টের টাকা নিয়ম অনুযায়ি বাংলাদেশে ব্যাংকে হস্তান্তর করতে হয়। কিন্তু সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা থেকে ২০১৩-১৪ সালে ঐসব টাকা বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হয়নি। ব্যাংকের ডিজিএম কতিপয় ব্যক্তি যোগসাজসে নতুন অ্যাকাউন্ট খোলেন। পরে তিন দফায় আনক্লেইমড অ্যাকাউন্টের টাকা ঐ সব অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করেন।