রবীন্দ্র-উত্তরকালের অনন্য সাধারণ নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীন-এর ৬৬তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সেলিম আল দীনের নাট্য-ঐতিহ্যের ধারক নাট্যসংগঠন 'স্বপ্নদল' শিল্পকলা একাডেমিতে আজ ও আগামীকাল এই দু’দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোত্সব—২০১৫’ এর আয়োজন করেছে। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের আয়োজনে ১২তম এ উত্সবের স্লোগান— ‘নিকষ আঁধারে সদা জাজ্বল্যমান, ঐতিহ্য রবীন্দ্রনাথ সেলিম আল দীন’। নাট্যাচার্যের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা আজ বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ উত্সবের উদ্বোধন করবেন। এরপর মঞ্চসারথী আতাউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন নিয়ে আলোচনা এবং ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন দর্শকের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার। সমকালীন নাট্যসংশ্লিষ্ট দশজন দর্শক এতে অভিমত উপস্থাপন করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন এস এম মহসীন, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান খায়েরুজ্জাহান মিতু, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন আকতারুজ্জামান, নাট্যজন বাবুল বিশ্বাস, মূকাভিনয় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল মূকাভিনয়জন রিজোয়ান রাজন প্রমুখ।
এরপর সন্ধ্যা সাতটায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় স্বপ্নদল পরিবেশন করবে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’।