বার্সেলোনাকে হতাশ করে শিরোপা বিলবাওয়ের

 
শেষ পর্যন্ত স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতা হলো না বার্সেলোনার। সোমবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লুইস এনরিকের দল। কিন্তু প্রথম লেগে ৪-০ গোলে এগিয়ে থাকায় শিরোপা নিজেদের ঘরে তোলে বিলবাও।
 
শিরোপা জিততে দ্বিতীয় লেগে ৫-০ গোলে জয় পেতে হতো বার্সেলোনার। এই লক্ষ্যে প্রথম থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে লুইস এনরিকের দল। কিন্তু গোলের দেখা পাওয়ার জন্য ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মেসিদের। ইভান রাকিতিচের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে মেসিকে দেন লুইস সুয়ারেস। বল পেয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
 
IMG0
 
প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান পিকে। ফলে, দশজনের দলে পরিণত হয় কাতালানরা। এতেই চাপে পড়ে তারা।
 
এই সুযোগকে কাজে লাগিয়ে ৭৫ মিনিটে আদুরিজের গোলে সমতায় ফেরে বিলবাও। তবে, ৮৬ মিনিটের মাথায় কিকে সোলা লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলে বিলবাও দশজন নিয়ে খেলতে থাকে।
 

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হয়নি। দুই লেগে বিলবাও ৫-১ গোলে এগিয়ে থেকে শিরোপা নিজেদের করে নেয়।