তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক প্রবীর সিকদারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে ফরিদপুরের আদালত। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল।
মঙ্গলবার দুপুর ১২টায় আসামিপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীদের শুনানি শেষে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম এই আদেশ দেন। একই সঙ্গে আদালত প্রবীর সিকদারের শারীরিক ও মানসিক দিকে খেয়াল রেখে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।
বাদী পক্ষের আইনজীবী জাহিদ বেপারী বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রবীর সিকদার প্রকাশ্যে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের সুনাম ক্ষুণ্ন করেছেন। এ ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার জন্যই প্রবীর সিকদারকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নেয়া প্রয়োজন ছিল। আমরা রিামন্ডের পক্ষে যুক্তি তর্ক তুলে ধরেছি, আদালত আমাদের আবেদন মঞ্জুর করে ৩ দিনের রিমান্ড দিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী আলী আশরাফ নান্নু জানান, একটি স্ট্যাটাস থেকে এই মামলা, তাই এখানে অন্য কোন আসামি নেই, অন্য কোন বিষয় নেই । তাই তাকে রিমান্ডে নেয়ার আবশ্যকতা নেই বলে জানান তিনি।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিনদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে প্রবীর সিকদারের স্ত্রী অনিতা সিকদার তার স্বামী অসুস্থ উল্লেখ করে থানা হেফাজতে না নিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের মানবিক আবেদন জানিয়েছেন আদালতের নিকট।
উল্লেখ্য, গত রবিবার ফরিদপুরের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট স্বপন পাল ফরিদপুর কোতয়ালী থানায় তথ্যপ্রযুক্তি আইনে প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা করেন। ওইদিন সন্ধ্যায় ঢাকায় তার কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। ওই রাতেই তাকে ফরিদপুরে আনা হয়। সোমবার সন্ধ্যায় প্রবীর সিকদারকে আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়। আজ শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত।