খুলনায় ৩৬ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার

 
খুলনায় ৩৬ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাব। নগরীর  সোনাডাঙ্গা আবাসিক এলাকা এই বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। এসময় মুন্নি আকতার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
 
র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক নিয়াজ মো. ফয়সাল জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় মাদক ব্যবসায়ী শাহজাহান হাওলাদারের ভাড়া বাড়িতে অভিযান চালায় র‌্যাব। ঐ বাড়ি থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৫৫ বোতল মদ ও ৭৩৬ ক্যান বিয়ার এবং দুইটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এসময় শাহজাহানের স্ত্রী মুন্নি আকতারকে গ্রেফতার করা হয়। তবে শাহজাহানকে পাওয়া যায়নি। এ ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য ৩৬ লাখ ৬৭ হাজার টাকা।