আন্তর্জাতিক চাপে পাকিস্তান জুড়ে ব্যাপক জঙ্গি ধরপাকড়

জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মওলানা মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুল রউফ এবং তার ছেলে হামাদ আজহারসহ ৪৪ জনকে আটক করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। এছাড়া জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি। খবর বিবিসির। 

বিশ্লেষকরা বলছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা হামলার পর পাকিস্তান আন্তর্জাতিক মহল থেকে যে চাপের মুখে পড়েছে, তার জন্যই জঙ্গি দলগুলোর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। 

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি বলেছেন, বিভিন্ন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশজুড়ে গ্রেফতারি অভিযান চলছে। তারই অংশ হিসেবে জইশ-এর এই নেতাদের আটক করা হয়েছে। 

পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর ভারত সরকার হামলাকারীদের পরিচয় দিয়ে পাকিস্তানের কাছে যে দলিল হস্তান্তর করেছে, তাতে আটক হওয়া কিছু লোকের নাম রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। 

আরো পড়ুন: আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না হিলারি

মওলানা মাসুদ আজহার, জইশ-ই মোহাম্মদের প্রধান। ছবি: সংগৃহীত। 

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর ৪২ জনের বেশি সৈন্য নিহত হয়। এ হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জইশ-ই মোহাম্মদ। এমন ঘটনার জেরে ভারত-পাকিস্তানের পর চরম উত্তেজনা সৃষ্টি হয়। 

ইত্তেফাক/এসআর