ঝালকাঠি বিসিক কার্যালয়ে সংঘর্ষ: আহত ২, মিলে তালা

ঝালকাঠি বিসিক কার্যালয়ে লবন মিল মালিকদের এক পক্ষের হামলায় অপর পক্ষের দুজন আহত হয়েছেন। মঙ্গলবার মালিকানা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
 
সকাল ১১টায় উপ-ব্যবস্থাপকের কার্যালয়ে এ ঘটনায় নূর সল্টের মালিক ফজলুল হক হাওলাদার ও তার ছেলে রিয়াজুল ইসলাম সোনা আহত হন। উভয় পক্ষের মধ্যে পূর্ব বিরোধ থাকায় পুলিশকে না জানিয়ে দুপক্ষকে আলোচনায় ডাকার জন্য আহতদের সমর্থকরা বিসিকের উপ-ব্যবস্থাপককে দায়ী করেন। তাই ঘটনার পর উপ-ব্যবস্থাপক তার কার্যালয়ে স্থানীয়দের রোষাণলে পড়েন। পরে নূর সল্টের মিলে ভাঙচুর করে মিলঘর তালাবদ্ধ করেছে প্রতিপক্ষরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
 
এদিকে অপর পক্ষের শরীফ সল্টের জামাল শরীফও আহত হয়েছেন বলে দাবি করেছেন।
 
নূর সল্টের মালিক আহত ফজলুল হক হাওলাদার বলেন, ‘মঙ্গলবার বিসিক উপ-ব্যবস্থাপক আমাদের দুই পক্ষকে তার কার্যালয়ে ডেকে আনেন। এরপর আলোচনার মাঝখানে শরীফ সল্টের মালিক সালেক শরীফ ও তার ছেলে জামাল শরীফ উপ-ব্যাবস্থাপকের সামনেই তাদের অনুগামী লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমি এবং আমার ছেলে আহত হই। বিসিক অফিসে আমাদের উপর হামলা চালিয়ে তারা আড়ৎদ্দারপট্টিতে আমার নূর সল্টের গদি ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে।
 
অপর দিকে শরীফ সল্টের পক্ষ থেকে জামাল শরীফ বলেন, বাবার সঙ্গে বিসিক কার্যালয়ে পূর্ব নির্ধারিত আলোচনায় অংশ নেই। এ সময় আমাদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে নূর সল্টের মালিক ফজলুল হক হাওলাদার ও তার ছেলে রিয়াজুল ইসলাম সোনা দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায়।
 
বিসিকের উপ-ব্যবস্থাপক অসীম কুমার ঘোষ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আলোচনার এক পর্যায়ে দুই পক্ষই উত্তেজিত হয়ে ওঠে। এরপর রুম থেকে বেরিয়ে গিয়ে হাতাহাতিতে লিপ্ত হয় তারা। এ ঘটনা থানায় জানালো হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।