নিকারাগুয়ায় ফিফা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

 
দুর্নীতির দায়ে ফিফা সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখ থেকে আটককৃত ৭ ফিফা কর্মকর্তার একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে নিকারাগুয়ায়। অচিরেই তার বিরুদ্ধে মামলার শুনানি শুরু হবে বলে একজন আইনজীবী জানিয়েছেন।
 
গত মে মাসে জুরিখের একটি হোটেল থেকে আটক ৭ ফিফা কর্মকর্তাদের মধ্যে আছেন নিকারাগুয়া ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান জুলিও রোচা। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন। সুইস কর্মকর্তাদের ভাষ্য মোতাবেক নিজ দেশে তার বিচার কার্য শুরুর ব্যাপারে গত সপ্তাহে সম্মতি দিয়েছেন নিকারাগুয়ার ওই নাগরিক।
 

আইনজীবী জুলিয়া গুইডো বলেন, গত ৪ আগস্ট রোচার বিরুদ্ধে মামলাটি রুজু হয়েছে। তিনি বলেন, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে একটি কোম্পানির সঙ্গে সম্প্রচার চুক্তির বিপরীতে রোচা অবৈধভাবে এক লাখ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছেন।’ অচিরেই এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি হাতে পাবেন বলে উল্লেখ করেন।