হবিগঞ্জে ডায়রিয়ায় দুইদিনে ৩ জনের মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দুই দিনে ওই গ্রামে দাদী-নাতনীসহ দুইজন মারা গেছে। আক্রান্ত হয়েছে আরো বেশ কয়েকজন। এতে গ্রামটিতে ডায়রিয়া আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
ওই গ্রামের বাসিন্দারা জানান, শুক্রবার হঠাৎ গ্রামের সদর আলীর স্ত্রী গেদুনী বিবি (৮৫), তার ১২ বছর বয়সী নাতনী ও আব্দুল খালেকসহ (৬৫) বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হন। আক্রান্তদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও কেউই সুস্থ্য হননি। ওই দিন বিকেলেই গেদুনী বিবি ও আব্দুল খালেক মারা যান। পরদিন শনিবার গেদুনি বিবির ছেলে মহিউদ্দিনের ১২ বছর বয়সী মেয়ে মারা যায়।  আতঙ্কিত হয়ে বাকি অসুস্থদের পরিবারর লোকজন সদর হাসপাতালে ভর্তি করায়।
 
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মহসিন করিম জানান, গরমে সাধারণ মানুষ ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এ রোগটি অনেক সময় খাওয়ার মাধ্যমেও হয়ে থাকে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।
 
তিনি আরো জানান, প্রতিদিন গড়ে ১০/১২ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত এক সপ্তাহে অন্তত ৭০ থেকে ৮০ জন চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা যায়নি বলে তিনি দাবি করেন।