অবরোধের নামে ট্রাকে পেট্রোল বোমায় ৪ জন নিহতের ঘটনায় চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকসহ ৩ বিএনপি নেতা চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুসতাইম বিল্লাহর আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
অন্য দুই বিএনপি নেতা হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী।
চাঁদপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান জানান, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে গত ১৮ মার্চ চাঁদপুরের চান্দ্রা এলাকায় পেট্রোলবোমায় ট্রাকচালক ও ব্যবসায়ীসহ ৪ জন নিহত হন। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করে।