স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক প্রবীর সিকদার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য সাংবাদিক নেতা শওকত মাহমুদকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সচিবালায় নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রবীর সিকদারকে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে কেনো করা হলো—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে জিডি হয়েছে। প্রবীর সিকদার মারা গেলে স্থানীয় সরকার মন্ত্রী দায়ী থাকবেন সে কারণে। আর সে জিডির ভিত্তিতেই প্রবীর সিকদারকে গ্রেফতার করা হয়েছে। শওকত মাহমুদের নামে অনেকগুলো মামলা ছিল। এটাই তাকে গ্রেফতারের মূল কারণ। এ ছাড়া অন্যকোনও কারণ নেই।
ক্রসফায়ার সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাগুরায় ক্রসফায়ার না হলে সরকারেরই লাভ হতো। তার সূত্র ধরে জড়িত অন্যদেরও গ্রেফতার করা যেত। পুলিশকে আমরা সংযত রেখেছি। তবে আসামি ধরতে গেলে এরকম দুএকটা ঘটনা ঘটবেই। অপরাধী ধরার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দল কাউকে ছাড় দেয়া হবে না।