খুলনায় দৌলতপুরে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খুলনা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, বগুড়ার শান্তাহার থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন নগরীর দৌলতপুর স্টেশনে পৌঁছার পর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রেলওয়ে সূত্র জানায়, মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় সকাল সাড়ে ৬টার রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ, সকাল ৭টার বেনাপোলগামী কমিউটার, সকাল ৭টা ৪৫ মিনিটের সৈয়দপুরগামী আন্তঃনগর রূপসা, সকাল সাড়ে ৮টার ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এবং সকাল ৯টা ২০মিনিটের সৈয়দপুগামী খুলনা মেইল ট্রেনটি স্টেশনে আটকা পড়ে।
খুলনা রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার সরদার মো. আবুল কালাম জানান, লাইনচ্যুত বগি দু’টির উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধারে সময় লাগবে। বগি দুটিতে ৪৫ টন গম রয়েছে। সেই গম বগি থেকে নামানো শেষ হলে বগি দুটি উদ্ধার করা সম্ভব হবে।
দুপুর ১টা নাগাদ খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে আশা করেন তিনি।