বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

 
নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের নির্যাতনে শফিকুল ইসলাম (২৯) নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। শফিকুল উপজেলার বলদিয়াঘাট কলমুডাঙ্গা গ্রামের ইসলাম আলীর ছেলে।
 
এলাকাবাসী ও শফিকুলের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শফিকুলসহ সাত-আটজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। আজ ভোরে তিনি গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ শফিকুল ইসলামকে আটক করে। তবে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন। শফিকুলকে আটকের পর তার ওপর নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএসএফ তাকে ভারতীয় রাস্তার ৫নং লেদা ব্রিজের কাছে নিকট বাংলাদেশের সীমান্তের ভেতরে ফেলে রেখে চলে যায়। ভোরে খবর পেয়ে শফিকুলের পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। শফিকুলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের দাবি, বিএসএফের নির্যাতেন গরু ব্যবসায়ী শফিকুল ইসলাম গুরুতর আহত হয়ে মারা যান।
 
বিজিবি-১৪ পত্নীতলার অধিনায়ক লে: কর্নেল রফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শফিকুল বিএসএফের নির্যাতনেই যে মারা গেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। গরু ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেও তাকে হত্যা করা হতে পারে। তবে ঘটনাটি জানতে পেরে প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে।