দীর্ঘ ৮ ঘন্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান খুলনা রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার সরদার মো. আবুল কালাম।
এর অাগে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুরে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খুলনা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, বগুড়ার শান্তাহার থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন নগরীর দৌলতপুর স্টেশনে পৌঁছার পর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রেলওয়ে সূত্র জানায়, মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় সকাল সাড়ে ৬টার রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ, সকাল ৭টার বেনাপোলগামী কমিউটার, সকাল ৭টা ৪৫ মিনিটের সৈয়দপুরগামী আন্তঃনগর রূপসা, সকাল সাড়ে ৮টার ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এবং সকাল ৯টা ২০মিনিটের সৈয়দপুগামী খুলনা মেইলসহ মোট ৯ টি ট্রেন স্টেশনে আটকা পড়ে।