অন্তর্বর্তী জামিন পেলেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী

 
একটি ঘুষের মামলায় গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বিশেষ দুর্নীতি দমন আদালত লুইস বার্গার ঘুষের মামলার সঙ্গে জড়িত কামাতকে বুধবার জামিন মঞ্জুর করে। খবর এনডিটিভির।
 
মামলাটি গ্রেফতারযোগ্য হলেও প্রায় দুই সপ্তাহ ধরে তিনি অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০১০ সালে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রধান থাকা অবস্থায় তিনি লুইস বার্গার নামের একটি প্রতিষ্ঠানকে পরামর্শ প্রকল্পের কাজ বরাদ্দ দেয়ার জন্য ঘুষ নিয়েছিলেন। কয়েক কিস্তিতে নেয়া ওই এক কোটি রুপি ঘুষের মধ্যে মুখ্যমন্ত্রীর একটি বাসভবনও রয়েছে।
 
সরকারি আইনজীবীর মাধ্যমে বিশেষ আদালতে পুলিশের পক্ষ থেকে যুক্তি দেয়া হয়, কামাত একজন স্বভাবগত অপরাধী। মামলার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ একটি নিখোঁজ  ফাইল তার কাছে—এমন দাবি করে সেটি উদ্ধারের জন্য তার গ্রেফতারও চাওয়া হয়।
 
অপরদিকে কামাত বলেন, পিডব্লিউডি মন্ত্রণালয় ওই প্রকল্পটি ছাড় দিয়েছিল এবং ওই পরামর্শ প্রকল্প বরাদ্দের ব্যাপারে তার কোনো ভূমিকা ছিল না।