শার্লি হেবদো পত্রিকায় বন্দুকধারীদের হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি ফ্রান্সের দুইটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে মামলা করেছেন। হামলার সময় ওই ব্যক্তি কোথায় ছিলেন, টেলিভিশন চ্যানেল দুইটি তা প্রচার করে তার জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে—এমন অভিযোগে মামলাটি করা হয়েছে। খবর বিবিসির।
গত জানুয়ারিতে প্যারিসের শহরতলিতে শার্লি হেবদোর কার্যালয়ে বন্দুকধারীদের তল্লাশির সময় লিলিয়ান লিপেরি নামের ওই ব্যক্তি একটি পানির ট্যাঙ্কের নিচে আট ঘণ্টা লুকিয়ে ছিলেন।
লিপেরি বলেন, টেলিভিশন এবং রেডিওতে এই বিষয়ে বিস্তারিত প্রচারিত হওয়ায় তার জীবন বিপদের মধ্যে ছিল। তার লুকিয়ে থাকার বিষয়টি প্রাথমিকভাবে ওই এলাকার সংসদ সদস্য ওয়াইভেস আলবারেল্লোর মাধ্যমে আরএমসির রেডিওতে প্রচার করা হয়েছিল। এরপর ফ্রান্সের বড় দুটি টেলিভিশন চ্যানেল টিএফ১ এবং ফ্রান্স টু টেলিভিশনে তা পুনঃপ্রচার করা হয়। সেই সময় লিপেরির বোনও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত করেছিল, যদিও লিপেরি ঠিক কোথায় লুকিয়ে ছিলেন সেই সম্পর্কে তিনি কিছু বলেননি।
উল্লেখ্য, শার্লি হেবদো পত্রিকায় দুই বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত হয়েছিল। সেই সময় বন্দুকধারীরা কয়েক ঘণ্ডাব্যাপী ওই পত্রিকার কার্যালয়ে রক্তক্ষয়ী তাণ্ডব চালায়। ফ্রান্সের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে খবরটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল।